চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) গভীর রাতে পাঁচলাইশ মডেল থানার একটি চৌকস আভিযানিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মামুন ইসলাম (২৬), মোঃ আকাশ (২০), মোঃ সাজ্জাদ হোসেন (২৩) এবং মোঃ নুরনবী নাঈম (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিযোদ্ধা কলোনীর শেষ মাথায় সাদ্দামের কলোনী সংলগ্ন একটি খালি জায়গায় অভিযান চালানো হয়। সেখানে একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের দেহ তল্লাশি করে একটি ধারালো চাইনিজ কুড়াল ও দুটি লোহার তৈরি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে আরও দুটি পরিত্যক্ত কিরিচ জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে নগরীর বন গবেষণাগার এলাকা, ষোলশহর রেলস্টেশন ও মুরাদপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গভীর রাতে সাধারণ যাত্রী ও পথচারীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং তাদের সহযোগী ও গ্যাংয়ের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/এস এইচ





