কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের নাম ওমর ফারুক (৪২)।
তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের বাসিন্দা। ওমর ফারুক আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপেরহাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাতে ভুক্তভোগী শিক্ষার্থীকে কৌশলে নিজের সঙ্গে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক।
এ সময় ফাঁকা বাড়িতে ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরেরদিন ভোরে ছাত্রটিকে অসুস্থ অবস্থায় স্কুলের আবাসিক ভবনে রেখে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে চলে যান। পরে ছাত্রটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে ফিরে সব ঘটনা জানান।
ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও এমন অনৈতিক আচরণের সঙ্গে জড়িত ছিলেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নিতে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তারা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, অভিযোগ তদন্তে সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখনো তার অবস্থান শনাক্ত করা যায়নি।’
বার্তা বাজার/এমএমএইচ






