রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করায় মসজিদের মোয়াজ্জেম ও স্থানীয় জামায়াত নেতাসহ তিনজনকে পেটালেন বিএনপি নেতা।
শনিবার দুপুর আড়াইটার দিকে বদরগঞ্জ উপজেলার নাগের হাট এলাকায় যমুনাশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযানে আসেন উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ করে অকেজো করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালত উপস্থিত লোকজনের সহযোগিতা চান। কুতুব উদ্দিন পীর মাজার মসজিদের মোয়াজ্জেম নুর আমিন ও জামায়াত নেতা তারাজুল ইসলাম তাদেরকে সহযোগিতা করেন।
এঘটনায় তাদের উপর ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা ওহিদুল ইসলামের নেতৃত্বে ফোকলা জামান, ইলিয়াস আলীসহ তাদের লোকজন কুতুবিয়া দাখিল মাদ্রাসার সামনে নুর আমিনকে পেটায়। নুর আমিন মসজিদে আশ্রয় নিলে তাকে টেনে হিঁচড়ে বের করে পেটানো হয়। আহত মোয়াজ্জেম নুর আলমকে হাসপাতালে নেয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত নেতা তারাজুল ইসলাম, ইমাম রওশন আলীকে লাঠিপেটা করে বিএনপির নেতার লোকজন।
ওহিদুল ইসলাম ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবু তাহের, আব্দুল জলিল, শিমুল মিয়া জানান বিএনপি’র নেতার চাঁদাবাজি জমি দখল, নদীর বালু ডাকাতি ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। ৫আগস্টের পর থেকে বিএনপির এই নেতা বেপরোয়া হয়ে উঠেছেন।
বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন স্থানীয় লোকজন তার বিরুদ্ধে উপজেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ করলে আমরা সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিব।
ওহিদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বার্তা বাজার/এমএমএইচ






