সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরে মাছ ধরার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাবরগাড়ি জামে মসজিদের পুকুর নিয়ে গ্রামবাসী ও একটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর প্রতিবাদে রোববার (১৯ এপ্রিল) সকালে গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে রাজ্জাক গ্রুপ ও মসজিদ গ্রুপের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা তুমুল সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) অফিসার শাহ আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
বার্তা বাজার/এস এইচ






