ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল তিনটার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, তোতা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করতেন এবং সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।

সোমবার (২০ এপ্রিল) রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আল ফাহাদ জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তোতা মিয়ার বহনকারী জিপ গাড়িকে চাপা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

তোতা মিয়ার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল, প্রবাসী সমাজ এবং এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!