ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে সবকটি পদে বিএনপিপন্থিদের বিজয়

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ এএম

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে সবকটি পদে বিএনপিপন্থিদের বিজয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেয়। এতে সভাপতি পদে মো. নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল বিজয়ী হন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু রেজা মো. ফজলুল হক বাবলু। এ সময় বিজয়ী প্রার্থীদের কর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১০৩৮ জন ভোটারের মধ্যে ভোট দেন ৮৪০ জন আইনজীবী। এরপর রাতে ভোট গণনা শেষে শুক্রবার সকালে ঘোষণা করা হয় ফলাফল।

এতে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোট সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

এছাড়াও বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট আলহাজ্ব একেএম মইনুল হোসেন মিলন, সহসম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট জায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!