চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে (৩৪) গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল।
তিনি বলেন, শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন পূর্ব রাউজান এলাকায় অভিযান চালিয়ে বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত ৩ ও ৫ নম্বর আসামি যথাক্রমে মোঃ শফি (৩৯) ও মোঃ সুমনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় বিএনও ব্রিকফিল্ডের কাছে সড়কে পূর্ব শত্রুতার জেরে বাবলুকে গুলি করে হত্যা করা হয়। নিহত বাবলু স্থানীয় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন।
এই ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকেই আসামিদের ধরতে পুলিশ একের পর এক অভিযান চালাতে থাকে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। যার ফলশ্রুতিতে শনিবার রাতে চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/এমএমএইচ






