সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাই কেবল স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব এমনটাই মনে করেন স্বাস্থ্য সেবায় নিয়োজিত উত্তরার বেসরকারি হাসপাতাল মালিক কর্তৃপক্ষরা। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ঔষধ সহ সকল স্বাস্থ্য বিষয়ক সরঞ্জামের মূল্যস্থিতি, সেবার সহজলভ্যতা এবং রোগ, রোগী ও রোগীর স্বজনবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘উত্তরা প্রাইভেট হাসপাতাল ও নার্স এসোসিয়েশন’ এর উদ্যোগে একটি মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) রাত ৮টায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। ‘উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের’ সভাপতি ডাঃ মোঃ আরিফুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাহ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ১৮ আসনের সাংসদ এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, স্বাস্থ্যসেবা খাতকে আরও উন্নত, নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ সময় তিনি মালিক কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি এই খাতে সেবার মান উন্নয়নের পাশাপাশি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তাহলে বর্তমান সরকার আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। কারন স্বাস্থ্যই সকল সুখের মূল।
বিশেষ অতিথির বক্তব্যে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সবসময় তাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে হাসপাতাল মালিক কর্তৃপক্ষের বক্তারা উত্তরায় অবস্থিত সকল বেসরকারি হাসপাতালগুলোকে আরও সমন্বিত ভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে স্বাস্থ্যখাতকে বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আরও আধুনিকায়ন এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিণত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তা বাজার/এমএমএইচ






