রূপগঞ্জের পূর্বাচল তিনশো ফিট সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে রিফাত ও সাব্বির নামে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার দুপুরে পূর্বাচল তিনশো ফিট সড়কের জলসিঁড়ি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন শেকেরকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে এবং সাব্বির একই গ্রামের আমির হোসেনের ছেলে। তারা দুজনই স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, রবিবার দুপুরে পূর্বাচল তিনশো ফিট সড়কের জলসিঁড়ি চত্বর এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রিফাত ও সাব্বির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে রিফাত এবং সোয়া ৬টার দিকে সাব্বির মারা যায়।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ইনচার্জ আরও জানান।






