ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামিন পেল প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করা কলেজ ছাত্র

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

জামিন পেল প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করা কলেজ ছাত্র

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে বিরূপ মন্তব্য করার পর সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার কলেজ ছাত্র নিশাত ইসলাম (১৬) কে জামিন দিয়েছেন আদালত।

রোববার(২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছে ঐ কলেজ ছাত্র। এর আগে বিকেলে পঞ্চগড় শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত শিশুটি জামিনে থাকবে।আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন জামিন ও কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে নিশাত। এর জেরে অতিউৎসাহী হয়ে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে কলেজ ছাত্র নিশাতের বিরুদ্ধে মামলা করেন। ১৬ বছরের কিশোরের বয়স মামলায় ২০ বছর উল্লেখ করা হয়। যে কারণে নিশাতকে গ্রেপ্তার করে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন শিশুটিকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

বয়স কীভাবে নির্ধারণ করা হয়, জানতে চাইলে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মামলার আরজিতে কাটছাঁট করার সুযোগ নেই। বাদী আরজিতে বয়স যেটা দিয়েছে, আমরা সেটাই দিয়েছি।

মামলার বাদী দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মামলাটি করেছি।’ আসামির বয়স কত ও কীভাবে নির্ধারণ করেছেন, জানতে চাইলে আব্দুস সালাম বলেন, ‘আসামির বয়স ২০ বছর। মামলা হয়েছে। কোর্টে জবাব দেব।’ এই বলে ফোন কেটে দেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!