তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মাহমুদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
আজ মঙ্গলবার সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
টেকনাফ মডেল থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সোমবার গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় জাদিমুড়া ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, জব্দকৃত ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/এস এইচ





