সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সাথে অশালীন আচরণ ও ছাত্রীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে ‘ডাঃ সজিব বায়োলজি’ নামের একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে পুলিশ এই ব্যবস্থা নেয়।
জানা গেছে, কলেজ চলাকালীন কোচিং চালানোর প্রতিবাদ করায় উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলামকে মুঠোফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন পরিচালক ডাঃ সজিব। সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা কোচিং সেন্টারটি ঘেরাও করে এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে। এছাড়া তার বিরুদ্ধে ছাত্রীদের ব্ল্যাকমেইল করা এবং কোচিংয়ের আড়ালে নারীদের নিয়ে নাচানাচি ও ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ডাঃ সজিব এই কলেজের প্রাক্তন ছাত্র হয়েও শিক্ষকদের যোগ্যতা নিয়ে কটূক্তি করেছেন এবং ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করে ব্ল্যাকমেইল করে আসছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসময় তারা অবিলম্বে তার গ্রেপ্তার ও অবৈধ কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে এবং অফিস থেকে একটি কম্পিউটার ও হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বার্তা বাজার/এস এইচ






