নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার নোয়াখালী পৌর গেইট এলাকায় তারা মিছিল বের করেন। ঝটিকা মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর বেলা দুইটার দিকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৌর গেইটের কাছে জড়ো হন। কিছুক্ষণের মধ্যেই নানা স্লোগান দিয়ে মিছিল বের করেন তারা। এ সময় তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ধরেও স্লোগান দেন। পরে মিছিলকারীরা সটকে পড়েন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, জুমার নামাজ শেষে পুলিশ সদস্যরা খেতে বসেছিলেন। এ সময় কিছু লোক আকস্মিকভাবে নোয়াখালী পৌর গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মাইজদী বাজার এলাকা পর্যন্ত এসেছিল। মিছিলে যারা অংশ নিয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।






