পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গ ও ঢাকামুখী মানুষের যাতায়াত বাড়তে থাকায় যমুনা সেতুতে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে প্রায় ৪০ হাজার যানবাহন পারাপার করেছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকার বেশি। যমুনা সেতু সাইট অফিস সূত্র জানায়, রবিবার (২৪ মে) সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এ সময় পূর্ব প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।
অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। এতে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
এর আগের দিন শনিবার (২৩ মে) একই সময়ে সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন চলাচল করেছিল। ওইদিন টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ৭ হাজার ২৭০টি এবং টোল আদায় বেড়েছে ২৮ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা।
সংশ্লিষ্টরা জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদকে ঘিরে প্রতিবছরের মতো এবারও সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।
বার্তা বাজার/এস এইচ






