ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-বিএনপির শোডাউন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৮ এএম

ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-বিএনপির শোডাউন

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রতিবাদ ও ছাত্রলীগের কর্মীদের শাস্তির দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছে পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অভিযোগকে কেন্দ্র করে শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করে পাল্টা বিএনপি-ছাত্রদলের দিকেই দায় চাপিয়েছে ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রলীগের কর্মীরা দেওয়ানগঞ্জের স্টেশন এলাকা, গাবতলী, কালীতলাসহ অন্তত চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় । এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিস্ফোরণের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

শোডাউনের নেতৃত্বদানকারী দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিপ্লব মণ্ডল অভিযোগ করে বলেন, দুই দিন আগে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। এরই জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সন্ধ্যার পর শহরের চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, যেসব স্থানে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, সেসব জায়গা আমি নিজে পরিদর্শন করেছি। তবে কোথাও বিস্ফোরণের আলামত কিংবা প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্ফোরণের উৎস উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগ-পাল্টা অভিযোগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!