ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভরাডোবা-ঘাটাইল আঞ্চলিক সড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মো. বিল্লাল হোসেন (৩০)। তিনি গাজীপুর জেলার গাজীপুর সদর থানার বাঘের বাজার এলাকার বানিয়ারচালা গ্রামের বাসিন্দা এবং মৃত হাসমত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন মোটরসাইকেলে করে বগারজান বাজার এলাকায় এক বন্ধুর বাড়ি থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে যাচ্ছিলেন। পথে ভরাডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় সিএনজিতে থাকা উথুরা ইউনিয়নের এক ইমাম ও খতিব এবং তাঁর দুই ছেলে-মেয়ে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা নিজ নিজ বাসায় ফিরে যান।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






