পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের একটি জঙ্গল থেকে মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ জুন) বিকেলে বোদা উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, বোদা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে জঙ্গল থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৪ পিস এম্ফিটামিন জাতীয় (ইয়াবা) ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী করে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থদণ্ড আদায়ের পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, মাদকদ্রব্য সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে শাস্তি প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এস এইচ






