কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। রবিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা।
ত্রাণ বিতরণ শেষে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সব সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির সুসম্পর্ক রয়েছে এবং স্থানীয় জনগণ বিভিন্ন প্রয়োজনে বিজিবিকে সহযোগিতা করে।’
তিনি আরো বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’






