পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কষ্টি পাথর বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীন বর্ষালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আটকরা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের মো. দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বৈরাগীহাট এলাকার চাপাতি গ্রামের মো. কলিম উদ্দিন (৪০)।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের সার্বিক নির্দেশনায় পরিচালিত অভিযানে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরসহ জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত কষ্টি পাথর, জব্দ করা আলামত এবং আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটোয়ারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
বার্তা বাজার/এস এইচ






