সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং একজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি কাজিপুর উপজেলায় সংঘটিত একটি সন্ত্রাসী ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তার পদ স্থগিত করা হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া বাবলুর ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের এখতিয়ার জেলা বিএনপির নেই। তাই সংশ্লিষ্ট সংগঠনের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।






