নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি এলাকায় পুলিশের অভিযানে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি দল উপজেলার শালহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি স্থানে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “জুয়াবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।”






