ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনা সমাধান করলো প্রশাসন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪২ এএম

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনা সমাধান করলো প্রশাসন

যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ প্রফেসরপাড়া এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার ঘটনাটির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে ও উভয় পক্ষের মধ্যকার আলোচনার ভিত্তিতে বিষয়টি নিরসন করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক যৌথ বৈঠকে এই সুরাহা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসা কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, ঘটনাটি মূলত একটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছিল। বৈঠকে উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়ে ইতি টেনেছেন এবং সব অভিযোগ বা পাল্টা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এলাকাবাসী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে মাদরাসার সামনে দ্রুত একটি স্পিড ব্রেকার স্থাপন এবং একটি বসার শেড তৈরি করে দেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসক আরও জানান, সংসদ সদস্যের মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় (সিজোফ্রেনিয়া) ভুগছেন। এ কারণে তার পক্ষ থেকে এবং মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। বৈঠকে উভয় পক্ষই নিজ নিজ ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ঘটনার বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) প্রায় ১২ ঘণ্টা আমি বাসায় অবরুদ্ধ ছিলাম। কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার বাসার গ্লাস ভেঙেছে এবং ড্রিল মেশিন দিয়ে গেট ভাঙার চেষ্টা করেছে। তবে কোনো রাজনৈতিক ইন্ধন আমি দেখতে পাইনি।

তিনি আরও বলেন, আমার বাসার সামনে অবস্থিত ‘মাদ্রাসা তুশ শরীয়াহ’ প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমি এর সহযোগী ছিলাম। গতকাল চাইলে হাজার হাজার নেতাকর্মী ডাকতে পারতাম, কিন্তু সাধারণ জনগণ বা কওমি মাদরাসার সঙ্গে কোনো সংঘর্ষ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হোক তা আমি চাইনি। আমি তাদের ক্ষমা করে দিয়েছি।

এমপি গোলাম রসুল আরও উল্লেখ করেন, সংকট নিরসনে যশোরের স্থানীয় মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসন ইতিবাচক ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, আমার মেয়ে অসুস্থ। সে যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকে, তবে তার জন্য আমি দুঃখিত ও মর্মাহত। প্রশাসনের প্রস্তাবে আমি স্বতঃস্ফূর্তভাবে সায় দিয়েছি।

পুলিশ প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষের দাখিলকৃত অভিযোগ ও আনুষঙ্গিক বিষয়গুলো তারা সার্বিকভাবে বিবেচনা করে আইনগত প্রক্রিয়ার সুরাহা করবেন। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে সভা শেষে কালেক্টরেট চত্বরে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে তা নিরসন হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন