ধর্ষণের মামলায় যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে আরাফাত হোসেন রাব্বি ওই কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নেন। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার এক বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ সময় কাউকে কিছু না বলতে হুমকি দেন। সেখান থেকে বাড়িতে ফিরে ঘটনাটি বাবা-মাকে জানান ছাত্রী। সন্ধ্যাতে চৌগাছা থানায় মামলা করেন ওই ছাত্রী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। এরপর মামলার আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’






