গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, তার নাম ব্যবহার করে কোনো অনিয়ম বা অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই। গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ‘দশমিনা এক্সপ্রেস’ নামে পরিবহনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নূর এসব কথা বলেন।
পোস্টে তিনি দাবি করেন, ‘দশমিনা এক্সপ্রেস’ নামে পরিচালিত পরিবহনে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি চালানো হচ্ছে। এতে যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
নুরুল হক নূর আরও বলেন, তার নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তিনি স্পষ্ট করেন, ওই পরিবহনের সঙ্গে তার কোনো ধরনের মালিকানা, সম্পৃক্ততা বা ব্যবসায়িক সম্পর্ক নেই।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি ওই পরিবহনের কারণে ক্ষতির শিকার হয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা করতে পারেন। মামলা করা হলে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে নুরুল হক নূরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গলাচিপা, দশমিনা ও বাউফল এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।






