রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, গুলিসহ ছিনতাই করা টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম জানানো হয়নি। রাতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে ডিএমপি।
ডিএমপি জানায়, পেট্রোল পাম্পের টাকা ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সেদিন রাতেই বিমানবন্দর থানায় ৬–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন ডিএল পেট্রল পাম্পটির ম্যানেজার মো. আব্দুল করিম।
উত্তরায় অবস্থিত ডিএল পেট্রল পাম্পটির মালিক ইয়াছিন মোহাম্মদ বি আজিম খান ও তাসীন আক্তার হক। তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই বলে নিশ্চিত করেন পাম্পটির ম্যানেজার মো. আব্দুল করিম। তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মামলায় অভিযোগে বলা হয়, গত ৯ আগস্ট সকালে পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যান গাড়ির চালক খোরশেদসহ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। ঢাকা ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন তাদের কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে পিস্তলের মুখে ও আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। সেলিমুজ্জামান, খোরশেদসহ আশেপাশের লোকজনের সহায়তায় আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যায়।
পাম্পের ম্যানেজার আব্দুল করিম বলেছিলেন, ‘ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার লেনদেন হয়। বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।’






