কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করে দেওয়ায় সারাদেশে জেলার সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে। সংস্কৃতির চর্চা বন্ধ না করে এতে শালীন ও সামাজিক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত বলেছে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবে স্থানীয় অনলাইন পত্রিকা নিউজনগরের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঘটনাটা ছোট মনে হলেও বাস্তবে এটার প্রভাব রয়েছে। পরাজিত শক্তি এটাকে বিভিন্নভাবে অপপ্রচার করবে যে দেশে সংস্কৃতির চর্চা করা যাচ্ছে না।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ, এই দেশে সব কিছুই চর্চার সুযোগ রয়েছে। দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য এবং সাংস্কৃতিক বিকাশের জন্য সংস্কৃতির চর্চা জরুরি। কিন্তু সংস্কৃতির চর্চার নামে কোন অশালীন কাজ করার সুযোগ নাই। কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ না করে বরং সেটাতে যেন অসামাজিক কোন কাজ না সেজন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। ভবিষ্যতে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে।
গণমাধ্যম হলো সমাজের দর্পণ উল্লেখ করে আবু হানিফ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। আমাদের সুস্থ সাংবাদিকতার চর্চা করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক চিন্তা থাকতে পারে, কিন্তু সাংবাদিকতা করার সময় এ চিন্তা পরিহার করতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে রাজনৈতিক চিন্তার প্রতিফলন যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিককে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকতা করতে হবে।
এআর






