সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বললেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে বিগত আওয়ামী লীগ সরকার বিদেশে টাকা পাচার করেছে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নম্বর বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কাগজে-কলমে দেশে ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দেখানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও আন্তরিকতায় আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে লোডশেডিং কমে আসবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীর অফিসগুলোতেও এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। দেশে সারের সংকট নেই, কৃত্রিমভাবে সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। কৃষকের কথা চিন্তা করে সরকার প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে ২৯ টাকা ভর্তুকি দিচ্ছে। বৈশ্বিক সংকটে বিশ্বে তেল ও গ্যাসের দাম তিনগুণ বাড়লেও দেশে তেল-গ্যাসের দাম তেমন বাড়েনি।
সন্তানদের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে তুলতে হলে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে-উল্লেখ করেন মন্ত্রী।
এআর






