কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে এক ফুট খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট। এতে প্রায় ১৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই দফায় এক ফুট খুলে দেওয়া হয় ১৬টি জলকপাট।
সূত্র জানায়, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ জানিয়েছেন, “শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১ ফুট খোলা হয়েছে। এতে প্রায় ১৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। রোববার (৩০ আগস্ট) ভোর ৬টা নাগাদ আরও ১ ফুট বাড়িয়ে ২ ফুট খোলা হতে পারে। ফলে ১৬টি জলকপাট দিয়ে ৩৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।”
এর আগে, শনিবার (২৯ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা এদিন দুপুর ২টায় ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল ছিল। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল।
এর আগে, রাঙামাটি জেলার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত জুলাই মাসে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট কয়েক দফা খোলা হয়েছিল।






