নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে এসেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
নগরীর খানপুর এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় দুটি সার্কেল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। তবে হাজিরা খাতায় অনেকের স্বাক্ষর আগে থেকেই দেয়া ছিল বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’তিনি বলেন, ‘জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’
অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে বলেন, ‘অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।’






