ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১০ মাসে শিক্ষার্থীদের কল্যাণে শহীদ ফরহাদ হোসেন হল সংসদের ৩২ উদ্যোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

১০ মাসে শিক্ষার্থীদের কল্যাণে শহীদ ফরহাদ হোসেন হল সংসদের ৩২ উদ্যোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হল সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের কল্যাণে গত ১০ মাসে প্রায় ৩২টি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল হিসেবে পরিচিত এ হলের শিক্ষার্থীদের আবাসন, নিরাপত্তা, শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা, খাবারের মান ও বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে হল সংসদ।

হল সংসদ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের সুবিধার্থে সাইকেল স্ট্যান্ড, জিমনেশিয়াম ও জিমনেশিয়ামে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে ৭২টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি হলের চারপাশে দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী।

খেলাধুলার সুযোগ বাড়াতে নির্মাণ করা হয়েছে ব্যাডমিন্টন ও ভলিবল মাঠ। এ ছাড়া ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস ও ক্যারামের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

আবাসন সংকট কমাতে হলের এক্সটেনশন ভবনে ৮৮ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ভবনের জন্য প্রায় ৪০ লাখ টাকার ফার্নিচার ও বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। যাতায়াতের সুবিধার্থে এক্সটেনশন ভবনের সংযোগ সড়কেও আরসিসি ঢালাই করা হয়েছে।

পড়াশোনার পরিবেশ উন্নয়নে রিডিংরুমে বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ, চারটি কম্পিউটার, পানির ফিল্টার ও পাঁচটি ফ্যান স্থাপন করা হয়েছে। পাশাপাশি রিডিংরুমের চেয়ার-টেবিলের সংখ্যা দ্বিগুণ করার পাশাপাশি কফি মেশিনও স্থাপন করা হয়েছে।

প্রাথমিক চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে মেডিসিন কর্নার এবং নিয়মিত ফার্স্ট এইড সেবার ব্যবস্থা করা হয়েছে। পানির সংকট নিরসনে স্থাপন করা হয়েছে নতুন সাবমার্সিবল পানির পাম্প।

মসজিদে সাউন্ড সিস্টেম, কার্পেট ও ডিজিটাল ঘড়ি সরবরাহ করা হয়েছে। পাশাপাশি গেস্টরুম সাজানো এবং লাইব্রেরি স্থাপন করে সেখানে বই সংযোজন করা হয়েছে।

হলের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে আগের তুলনায় দ্বিগুণ ডাস্টবিন সরবরাহ, বিভিন্ন প্রজাতির গাছ রোপণ, বাগান তৈরি এবং করিডোরে ফুলের টব স্থাপন করা হয়েছে। শীত মৌসুমে হলের করিডোর ও আশপাশের এলাকা মৌসুমি ফুলের গাছ দিয়ে সাজানো হয়।

এ ছাড়া প্রহরী ডেস্কে টেলিফোন সংযোগ ও প্রিন্টার সরবরাহ করা হয়েছে। ডাইনিং-ক্যান্টিনে এক্সস্ট ফ্যান স্থাপন, টেবিলে নতুন কার্পেট ও দুই ধাপে বাসন-কোসন সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে লন্ড্রি সার্ভিস।

হলের গেটে নামফলক ও আয়না স্থাপন এবং বিশুদ্ধ খাবার পানির ফিল্টারে প্রয়োজনীয় সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পাশাপাশি একাধিক পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করেছে হল সংসদ।

একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অনলাইন কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং ডিবেটিং ক্লাব ও বিসিএস প্রস্তুতি ক্লাব গঠন করা হয়েছে।

সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে জুলাই স্মৃতি সাংস্কৃতিক সন্ধ্যা, শহীদ ফরহাদ হোসেনের মৃত্যুবার্ষিকী, বেগম খালেদা জিয়ার প্রয়াণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। হলের খাবারের মান পর্যবেক্ষণে গঠন করা হয়েছে ফুড মনিটরিং টিম।

এ বিষয়ে শহীদ ফরহাদ হোসেন হল সংসদের ভিপি মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের এখনো কিছু কার্যক্রম শেষের পথে। বাস্কেটবল গ্রাউন্ড নির্মাণ, ফুটবল মাঠ নির্মাণ, সুইমিংপুল সংস্কার, ডাইনিংয়ের কিচেন সম্প্রসারণসহ নানা কাজ আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘ফরহাদ হলের শিক্ষার্থীদের প্রয়োজনগুলো আদায় করার লক্ষ্য নিয়েই আমরা হল সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। হলের জন্য নিজেদের একাগ্রতা, শ্রম ও মেধার সর্বোচ্চ ব্যবহার করতে পারব—এই বিশ্বাস রেখেই শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে।’

শরিফুল ইসলাম আরও বলেন, ‘দায়িত্ব ও কর্তব্যবোধের জায়গা থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। যেই দপ্তরে যেভাবে যোগাযোগ করলে দাবি আদায় করা সম্ভব, সেখানে বারবার গিয়েছি। প্রশাসন কখনো দ্রুত ব্যবস্থা করেছে, কখনো নাছোড়বান্দা হয়ে তাদের বাধ্য করেছি। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানই আমাদের প্রাপ্তি। আমরা কতটুকু সফল, সেটি ফলভোগী শিক্ষার্থীরাই বলবে। আমাদের তৎপরতা নিরবচ্ছিন্নভাবে চলবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন