কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) রাফিউর রহমান। তবে অভিযানে মাদকসংশ্লিষ্ট কোনো কিছুর হদিস মেলেনি। এদিকে ভূমির নামজারি-সংক্রান্ত একটি কাজে এখতিয়ার-সম্পর্কিত প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন ওই সাংবাদিক।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসি ল্যান্ড দুজন পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য নিয়ে উপজেলার সবুজপাড়ায় সাংবাদিক সাজুর বাড়িতে নিষ্ফল অভিযান চালান। এ সময় সাংবাদিক সাজু বাড়িতে উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি স্বীকার করে এসি ল্যান্ড রাফিউর রহমান দাবি করেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তিনি অভিযান চালিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএন) অবগত। ওই সাংবাদিকের বাড়িতে কোনো মাদক পাননি বলেও জানান তিনি।
তবে রৌমারীর ইউএনও মাহবুবুল হাসান এসি ল্যান্ডের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। ইউএনও বলেছেন, ‘এসি ল্যান্ডকে সার বিতরণের স্থলে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি পথিমধ্যে সাংবাদিক সাজুর বাড়িতে অভিযান চালিয়েছেন। অভিযানের আগে তিনি আমাকে কিছু জানাননি। অভিযান শেষে জানতে পেরেছি।’
এ বিষয়ে সাংবাদিক সাজু অভিযোগ করে বলেন, ‘গতকাল (বুধবার) আমি ফোনে কিছু বিষয়ে এসি ল্যান্ডকে প্রশ্ন করেছিলাম। একজন নাগরিকের জমির নামজারি করার ৭২ ঘণ্টার মধ্য বিনা নোটিশে তা বাতিল-সংক্রান্ত প্রশ্ন করায় খেপে যান এসি ল্যান্ড। সেই জেরে আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে আমার বাড়িতে বেআইনিভাবে অভিযান পরিচালনা করেছেন। আমার বাড়ির জিনিসপত্র তছনছ করেছেন। তবে তিনি নিষ্ফল হয়ে ফেরত গেছেন। তাঁর উদ্দেশ্য বিফলে গেছে।’






