দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। মূলত ভিসা সংক্রান্ত জটিলতা, অবৈধ অভিবাসন এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যুতে আলোচনা করতেই তার এই সফর।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, সোমবার (৫ মে) দুপুরে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সফরসঙ্গী হিসেবে থাকছে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের ইতালীয় প্রতিনিধি দল।
ঢাকায় পৌঁছানোর পর বিকেলে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি, যা অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য়।
সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ মঙ্গলবার (৬ মে) সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন দলটি। এরপর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় স্বরাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারা। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার বিকেলেই দেশ ত্যাগ করবেন ইতালির প্রতিনিধি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতালি বর্তমানে অবৈধ অভিবাসন বিষয়ে অত্যন্ত কঠোর নীতিতে রয়েছে। বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ইউরোপে প্রবেশ ঠেকানো এবং এই সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ নিয়েই আলোচনা হবে সফরকালে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় আরও উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবেই ঢাকায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।






