আসন্ন গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেশে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের হুমকি বা অস্বাভাবিক পরিস্থিতির আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে।”
বিশেষ অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যে বিশেষ অভিযানে নেমেছে, তা সম্পূর্ণরূপে তাদের নিজস্ব সিদ্ধান্ত ও নিরাপত্তা ব্যবস্থার অংশ। তিনি বলেন, “ডিএমপি যে কোনো সময় জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ নিতে পারে।”
রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়ে দেন, “এই ঘটনায় যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট এবং দেশের প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।






