দুনিথ ভেল্লালাগের জন্য দিনটি এর চেয়ে বিমর্ষ আর বেদনাবিধুর আর হতে পারতো না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাঠে দিনটা ভাল যায়নি এই লঙ্কান অলরাউন্ডারের। তার করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩১ রান তুলে নেন। সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান।
তবে সেটি ছাপিয়ে ম্যাচ শেষে পাওয়া দুঃসংবাদ এ প্রতিভাবান লংকান স্পিকার স্পিনারকে তো বটেই, পুরো শ্রীলঙ্কা দলেই এনেছে শোকের আবহ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই বাবার মৃত্যুর খবর পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিত ভেল্লালাগে। হৃদরোগে মারা গেছেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার।
ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট পরিবারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মালিঙ্গা লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে। তার আত্মা যেন চিরশান্তি লাভ করে।’
দুনিথের বাবা সুরাঙ্গা নিজেও এক সময় প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রিন্স অব ওয়েলস কলেজ ক্রিকেট দলে অধিনায়কত্ব করেছিলেন।
ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা জয় পেয়েছে। ১৭০ রানের লক্ষ্য তারা ছয় উইকেট হাতে রেখে আর আট বল বাকি থাকতে পেরিয়ে যায়। কিন্তু এই জয়ও ম্লান হয়ে গেছে ভেল্লালাগে পরিবারের এই শোকে। শ্রীলঙ্কা দলের জয়ের আনন্দের মাঝেও এই অকাল মৃত্যু ক্রিকেটপ্রেমীদের চোখে এনে দিয়েছে অশ্রু।
/এমএইচআর






