ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অ্যাশেজের দলে স্টোকস, চমক উইল জ্যাকস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

অ্যাশেজের দলে স্টোকস, চমক উইল জ্যাকস

কাঁধের চোটের পরও অ্যাশেজে খেলার পথে আছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মঙ্গলবার ঘোষিত দলে জায়গা পেয়েছেন পার্ট টাইম স্পিনার উইল জ্যাকসও; যাকে অনেকেই চমক হিসেবে দেখছেন।

ভারতের বিপক্ষে ওভালে শেষ টেস্টে খেলতে পারেননি স্টোকস। সেই ম্যাচ হেরে ২-২ সমতায় শেষ হয়েছিল সিরিজ। তবে নির্বাচকদের বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের লড়াইয়ের শুরু থেকেই পাওয়া যাবে তারকা এই অলরাউন্ডারকে। যদিও বল হাতে পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়া নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে।

২৬ বছর বয়সী উইল জ্যাকসকে মূলত হোয়াইট-বল বিশেষজ্ঞ হিসেবেই দেখা হয়। এর আগে মাত্র দুটি টেস্ট খেলেছেন তিনি। তাও সেটা তিন বছর আগে পাকিস্তানের মাটিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৪৯ উইকেট আছে, গড় ৪২.২২। এবার তাকে রাখা হয়েছে শোয়েব বশিরের বিকল্প অফ-স্পিনার হিসেবে। বাদ পড়েছেন জ্যাক লিচ, লিয়াম ডসন ও রেহান আহমেদ।

সমারসেটের তরুণ স্পিনার শোয়েব বশির চোট কাটিয়ে আবার ফিরেছেন দলে। এদিকে, হ্যারি ব্রুককে করা হয়েছে দলের সহ-অধিনায়ক, যিনি অলিভার পোপের জায়গায় এই দায়িত্ব পেয়েছেন।

দুর্দান্ত ফিটনেস সমস্যার পর মাত্র দুটি টেস্টে ফিরে আসা জোফরা আর্চার আছেন দলে। হাঁটুর চোটে পুরো ইংলিশ মৌসুম মিস করা মার্ক উডও ফিরেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে শেষবার টেস্ট খেলা ম্যাথিউ পটসও জায়গা পেয়েছেন।

২০২৩ সালের হোম সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ সমতায় শেষ করেছিল ইংল্যান্ড। তবে ‘ডাউন আন্ডার’-এ শেষবার সিরিজ জিতেছিল ২০১০/১১ মৌসুমে। এবার পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে ২১ নভেম্বর পার্থে। পরের ম্যাচগুলো হবে ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে।

অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের অ্যাশেজ দল

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলিভার পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং, মার্ক উড।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন