মোহামেদ সালাহর জোড়া গোলে জিবুতিকে ৩-০ গোলে হারিয়েছে মিশর। এতে আফ্রিকার তৃতীয় দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে হোসাম হাসানের দল।
আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জিবুতির বিপক্ষে ইব্রাহিম আদিলের এক গোল আর মোহামেদ সালাহর জোড়া গোলে সহজ জয় পায় মিশর। যার ফলে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ইজিপ্ট।
আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবারের শিরোপাজয়ী দল এক আসর পর আবারো জায়গা পেলো বিশ্বকাপে। তবে নিজ অঞ্চলে ধারাবাহিক সাফল্য পেলেও এর আগে মাত্র ৩ বার বিশ্বকাপ খেলেছে মিশর। ১৯৩৪ বিশ্বকাপের পর ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপ খেলেছে দলটি।
ইজিপটের আগে আফ্রিকা থেকে মরক্কো ও তিউনিসিয়া জায়গা করে নিয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপে। আগামী জুন-জুলাইয়ে যৌথভাবে বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।
/এএম






