২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনেইরো।
এই ম্যাচে তার দুই সহকারীও থাকছেন পর্তুগালের। প্রথম সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন ব্রুনো জেসুস, আর দ্বিতীয় সহকারী রেফারি থাকবেন লুসিয়ানো মাইয়া।
এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাইকেল বারওয়েগেন।
জোয়াও পিনেইরা তার ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে হলুদ কার্ড দিয়েছেন ১৮৮৬টি এবং লাল কার্ড ১৩৯টি। প্রতি ম্যাচে গড়ে ৪.৪৮টি হলুদ কার্ড দেখিয়েছেন এই রেফারি।
২০২৬ বিশ্বকাপে বসনিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। দুই ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছেন, তবে কোনো লাল কার্ড দেখাননি।
আর্জেন্টিনার কোনো ম্যাচে এটিই হবে তার প্রথমবারের মতো রেফারির দায়িত্ব পালন। ইউরোপীয় ফুটবলের উয়েফা প্রতিযোগিতাগুলো পরিচালনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তার রয়েছে। তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি বড় ধরনের সমালোচনার মুখে পড়েন।
তার সাম্প্রতিক ক্যারিয়ারের অন্যতম আলোচিত ঘটনা ছিল বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ। সেই ম্যাচে, প্রথমার্ধের ৩০ মিনিটে, যখন ফরাসি দলটি ১-০ গোলে এগিয়ে ছিল, তখন তিনি পেনাল্টি বক্সে তারই স্বদেশী জোয়াও নেভেসের হ্যান্ডবলের ঘটনায় বায়ার্নের পক্ষে পেনাল্টি দেননি। এই সিদ্ধান্তে বায়ার্নের পুরো বেঞ্চ তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া, ভিএআর দলও ঘটনাটি পুনরায় পর্যালোচনার জন্য তাকে মনিটরে ডেকে পাঠায়নি।






