মেসির ‘গুডবুকে’কে নাম, তাই ফাইনালে কপাল খুলতে পারে এই দুই তারকার
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক ট্রফি জয়ের পর টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। মেগা ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আলবিসেলেস্তেরা।
ফাইনালের মহারণে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে একটি প্রতিবেদন করেছে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদন বলছে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে কোচ লিওনেল স্কালোনির ‘গুডবুকে’ জায়গা করে নিয়েছেন নিকো গঞ্জালেস এবং গঞ্চালো মন্টিয়েল। ফাইনালে এই দুজনের শুরুর একাদশে থাকার সম্ভাবনা জোর সম্ভাবনা রয়েছে।
তবে কোচ স্কালোনি ফাইনালে ঠিক কোন একাদশ মাঠে নামাবেন, তা এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে রিভার প্লেটের রাইট-ব্যাক মন্টিয়েল এবং আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে উঠে আসা উইঙ্গার নিকো গঞ্জালেস ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে অসাধারণ ফুটবল খেলেছেন। আর তাতেই কপাল খুলে যেতে পারে এই দুই তারকার।
স্পেনের দুই রাইট-উইং ও ফুল-ব্যাক পজিশনের খেলোয়াড় লামিনে ইয়ামাল এবং পেড্রো পোরোকে সামলানোই এখন আর্জেন্টিনার মূল চিন্তা। বাঁ-প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোকে রক্ষণভাগে সহায়তা করতেই মূলত একাদশে নিকো গঞ্জালেসকে যুক্ত করার কথা ভাবছেন স্কালোনি। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে হুলিয়ানো সিমিওনের।
অবশ্য লিয়ান্দ্রো পারেদেস যদি পুরোপুরি ফিট থাকেন তবে তার খেলা নিশ্চিত, সেই সঙ্গে এঞ্জো ফার্নান্দেজ এবং আলেক্সিস মাক অ্যালিস্টার তো থাকছেনই। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই বদলি হিসেবে নেমে গঞ্জালেস নজর কেড়েছেন। তবে স্কালোনি ফাইনালে নতুন এই কৌশলে যাবেন নাকি চেনা একাদশেই ভরসা রাখবেন, তা জানতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি স্বভাবসুলভ ভাবেই একাদশ নিয়ে কোনো আগাম আভাস দেননি।
আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাহুয়েল মলিনার অফ-ফর্ম। চলতি বিশ্বকাপে মলিনা নিজের সেরা ছন্দে নেই। সেমিফাইনালে ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্থনি গর্ডনের কাছে পরাস্ত হয়েছিলেন তিনি, যার সূত্র ধরেই ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা।
চলতি আসরের প্রায় প্রতিটি ম্যাচেই দ্বিতীয়ার্ধে মলিনার জায়গায় মন্টিয়েলকে নামানো স্কালোনির একটি নিয়মিত চাল হয়ে দাঁড়িয়েছে। তবে ফাইনালে টাইব্রেকারের (পেনাল্টি শুটআউট) মতো স্নায়ুচাপের মুহূর্তের কথা মাথায় রেখে মন্টিয়েলকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা বেশি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার শিরোপাজয়ী ঐতিহাসিক শেষ পেনাল্টিটি নিয়েছিলেন মন্টিয়েল, পেনাল্টিতে যিনি সবসময়ই এক আস্থার নাম।
এ ছাড়া সিমিওনের কারণে সেমিফাইনালের একাদশে জায়গা হারানো রদ্রিগো ডি পল আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। দলের বাকি পজিশনগুলো অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; হুলিয়ানো সিমিওনে/নিকোলাস গঞ্জালেস, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।






