এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ : অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ সামনে রেখে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং অফ-স্পিনার নাথান লায়ন।
ডারউইন ও ম্যাকেতে দুটি ম্যাচ খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল। অস্ট্রেলিয়ার এমন স্কোয়াড ঘোষণাকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রতি সম্মান হিসাবে দেখছেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ‘ওদের এই দলই প্রমাণ করে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া।’
শুক্রবার নতুন কুঁড়ি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল বলেন, ‘এরকম এর আগে আমি কখনো দেখিনি। আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে।
বিশেষ করে বড় দলগুলো করে। আমি বলব, দল হিসাবে এটা একটা অর্জন আমাদের। তারা এই সিরিজ হালকাভাবে নেয়নি।’ গত জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি ২০ সিরিজে পূর্ণশক্তির দল আনেনি অস্ট্রেলিয়া। সেই সফরে ওয়ানডে সিরিজেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল সফরকারীদের। টেস্টে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে না তারা।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসাবে দেখছেন নাজমুল। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।
বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই এখন দেখানোর সময়। প্রতিপক্ষের স্কোয়াড দেখলেই বোঝা যায়, তারা সিরিজটি হালকাভাবে নেয়নি। আমাদের নিজেদের সেরাটা খেলতে হবে।’
দলের ইনজুরি সমস্যা নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। লিটন দাস ও নাহিদ রানার চোট প্রসঙ্গে নাজমুল বলেন, ‘ওদের ইনজুরি নিয়ে ফিজিও ও মেডিকেল টিম কাজ করবে। তাদের রিপোর্টের ওপর সব কিছু নির্ভর করবে। এর বাইরে আমাদের কিছু বলার নেই।’
নতুন কুঁড়ি ক্রিকেট টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে জাতীয় দলে নতুন ক্রিকেটার উঠে আসবে বলে আশা নাজমুলের, ‘অবশ্যই এখান থেকে জাতীয় দলে ক্রিকেটার আসতে পারে। সেটা হলে খুবই ভালো হবে।
রাজশাহী কিংবা দেশের যে কোনো জায়গা থেকে খেলোয়াড় আসুক, সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক।’ রাজশাহীর ক্রিকেট কাঠামোর প্রশংসা করে তিনি বলেন, ‘রাজশাহীতে ক্রিকেট নিয়ে অনেক কাজ হয়। একাডেমিগুলোও ভালো সুযোগ-সুবিধা দেয়। এই সুযোগ-সুবিধা আরও বাড়ানো গেলে ভবিষ্যতে সেখান থেকে আরও বড় বড় ক্রিকেটার উঠে আসবে।’ কাল মিরপুরে নারী দলের অধিনায়ক নিগার সুলতানাও উপস্থিত ছিলেন।






