প্রথমবারের মতো দুই ভাই খেলবেন একইসঙ্গে, একই মঞ্চে
স্পোর্টস ডেস্ক : লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো দুই ভাই খেলবেন একইসঙ্গে, একই মঞ্চে। একজন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি, অন্যজন খালেদ মাহমুদ রাকিন। ক্লাব পর্যায়ে একই দলের হয়ে খেলেছেন তারা। তবে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে এই প্রথম একসঙ্গে জায়গা করে নিলেন দুই ভাই।
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি–নাগোয়ায় পর্দা উঠবে এশিয়ান গেমসের। আসরটির জন্য ঘোষিত বাংলাদেশের ১৮ সদস্যের চূড়ান্ত হকি দলে রাখা হয়েছে জিমি ও রাকিনকে।
বয়সের কারণ দেখিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জিমি। ২০২৩ এশিয়ান গেমসের পর আবারও জাতীয় দলের দরজা খুলেছে অভিজ্ঞ এই খেলোয়াড়ের জন্য। এবার ছোট ভাই রাকিনকে সঙ্গী করে এশিয়াডের মঞ্চে নামার অপেক্ষায় তিনি।
জাতীয় দলের ক্যাম্পে নিয়মিত সুযোগ পেলেও চূড়ান্ত একাদশে জায়গা করে নেওয়া হচ্ছিল না রাকিনের। বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলা এই হকি খেলোয়াড়ের অপেক্ষার অবসান হয় চলতি বছরের এপ্রিলে। ব্যাংককে এশিয়ান গেমসের বাছাইপর্বে জাতীয় দলের জার্সিতে তিন ম্যাচ খেলার সুযোগ পান ২৯ বছর বয়সী রাকিন। এবার বড় ভাই জিমির সঙ্গে একই স্কোয়াডে জায়গা পেয়ে দীর্ঘ অপেক্ষার পর পূরণ হতে যাচ্ছে তার স্বপ্ন।
অন্যদিকে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে জিমিও। ছোট ভাইয়ের সঙ্গে একই সময়ে জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগকে বিশেষভাবেই দেখছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা।
বাংলাদেশের হকিতে দুই ভাইয়ের পথচলার শুরু বাবার হাত ধরে। খেলোয়াড় ও কোচ হিসেবে দেশের হকিতে পরিচিত মুখ আব্দুর রাজ্জাক সোনা মিয়ার সন্তান জিমি ও রাকিন। বড় ভাই জিমি বহু আগেই দেশের অন্যতম সফল হকি খেলোয়াড় হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। আর রাকিন ধীরে ধীরে নিজের পারফরম্যান্স দিয়ে ক্লাব হকিতে পরিচিতি পেয়েছেন।
ক্লাব পর্যায়ে অবশ্য শুধু সতীর্থ হিসেবেই নয়, একে অপরের প্রতিপক্ষ হয়েও খেলেছেন দুই ভাই। উষা ও অ্যাজাক্সের হয়ে খেলার পর গত তিন মৌসুম ধরে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের জার্সিতে খেলছেন রাকিন।
এশিয়ান গেমসের মূল স্কোয়াডে ১৮ জনের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে মেহরাব হাসান, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়নকে। ৪ আগস্ট ২৪ জনের দলে থাকা আল নাহিয়ান, ফজলে হোসেন ও আমান শরিফ শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি।
এশিয়াডের প্রস্তুতিকে আরও কার্যকর করতে জার্মানিতে দল পাঠিয়ে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। তবে এখনো ভিসা জটিলতা কাটেনি। এ কারণে বিকল্প পরিকল্পনাও হাতে রাখছে ফেডারেশন। জার্মানি সফর হবে কি না, সে বিষয়ে রোববারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।
১৮ সদস্যের বাংলাদেশ হকি দল: আশরাফুল হক, বিপ্লব কুজুর, আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, রেজাউল করিম, রোমান সরকার, আমিরুল ইসলাম, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, সোহানুর রহমান, দ্বীন ইসলাম, ফরহাদ আহমেদ, মাহবুব হোসেন, রাকিবুল হাসান, মাইনুল ইসলাম এবং রাসেল মাহমুদ জিমি।






