পরিস্থিতি অনুযায়ী দলের ৫ পেসার এবং ২ স্পিনার ম্যাচ খেলতে প্রস্তুত বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্ট জিতে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ম্যাকাইতে হতে যাওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচ। আগামীকাল (শনিবার) থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার সঙ্গে লাল বলের এই লড়াই। তার আগে আলোচনায় ম্যাকাইয়ের উইকেট। পরিস্থিতি অনুযায়ী দলের ৫ পেসার এবং ২ স্পিনার ম্যাচ খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ (শুক্রবার) তিনি বলেছেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই রেডি আছে (ম্যাচ খেলতে), ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’
ডারউইন টেস্টে পাওয়া জয় ম্যাকাইতেও প্রেরণা দেবে বলে মনে করেন টাইগার অধিনায়ক, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’
তবে আগের টেস্টে পড়ে থাকায় যে এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে না সেটাও জানেন শান্ত। ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে খাপ খেয়ে সতীর্থরা নতুন করে শুরু করবে বলে প্রত্যাশা বাঁ-হাতি এই ব্যাটারের, ‘ওটা (ডারউইনের জয়) এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি এগুলো আলাপ হয়েছে। আশা করি প্লেয়াররা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’
ডারউইন ও ম্যাকাইয়ের আবহাওয়া ও উইকেট প্রসঙ্গে শান্ত জানিয়েছেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু ভিন্ন। সেখান (ডারউইন) থেকে একটু ভিন্ন আছে, এখানে একটু বেশি ঠাণ্ডা, বাতাসও একটু বেশি। আমার মনে হয় দুই দিনে অনুশীলন করে প্লেয়াররা ভালো আইডিয়া পেয়েছে ফলে প্রস্তুতি ভালো হয়েছে। বাতাস কাজে লাগাতে পারলে বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।’






