ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৪-১ গোলে বড় জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা, এমবাপ্পে করলেন ২টি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

৪-১ গোলে বড় জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা, এমবাপ্পে করলেন ২টি

৪-১ গোলে বড় জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা, এমবাপ্পে করলেন ২টি

স্পোর্টস ডেস্ক : লা লিগায় হারের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আলভারো কারেরাস ও জুড বেলিংহাম একটি করে গোল করে রিয়ালের জয়ে অবদান রাখেন।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলেছে রিয়াল।

গত সপ্তাহে রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের পর এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ১৪ মিনিটে ডি-বক্সের মধ্যে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস। এমবাপ্পের বাড়ানো পাস ধরে দারুণ শটে রায়োর জালে বল পাঠান রিয়ালের এই লেফট-ব্যাক।

প্রথমার্ধের ৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি আসে বেলিংহামের পা থেকে। ভিনিসিয়ুস জুনিয়রের কাট-ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। বিরতির ঠিক আগে এমবাপ্পের শক্তিশালী শট পোস্টে না লাগলে প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়াতে পারত রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সার্জিও কামেলো গোল করে রায়োকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে এরপর আর স্বাগতিকদের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি সফরকারীরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে রিয়াল।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে রিয়ালের চতুর্থ গোল। আরদা গুলেরের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। চলতি লা লিগায় এটি ফরাসি তারকার ষষ্ঠ গোল।

রায়ো ভায়েকানোর বিপক্ষে এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে শেষ ১৫ ম্যাচে ১৪তম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন জুড বেলিংহাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন