ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোয় এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির কাছে লিখিত অভিযোগে বলা হয়, টসের সময় নাকি এই ম্যাচ রেফারি পাকিস্তান অধিনায়ককে জানিয়েছিলেন, হাত মেলানোর দরকার নেই।
তবে পিসিবির এ দাবি খারিজ করে দিয়েছে আইসিসি। তাদের দাবি মানা না হলে আসর থেকে সরে দাঁড়ানোর মতো কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছিল পাকিস্তান। সর্বশেষ খবর, আজ দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামছেন সালমান-শাহিনরা।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের। তাই আইসিসির জবাবের আগেই পিসিবি সিদ্ধান্ত নিয়েছিল, এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলবে তারা। ভারতের কাছে হারায় আজ স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে।
এই ম্যাচের ওপর নির্ভর করছে গ্রুপ থেকে ভারতের সঙ্গে কোন দল সুপার ফোরে যাচ্ছে। গত সোমবার ওমানকে ৪২ রানে হারিয়ে দিয়েছে আরব আমিরাত। এ জয়ে দুই ম্যাচে আমিরাতের পয়েন্ট পাকিস্তানের সমান। আজ যারা জিতবে, তারাই সুপার ফোরে যাবে।
ওমানের বিপক্ষে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৫৪ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। জয়ের পর পুরস্কার বিতরণীতে ওয়াসিম জানিয়েছেন, পরের ম্যাচেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে চান তিনি। ৩৮ বলে ৫১ রান করে ম্যাচসেরা হওয়া আলিশান শারফুও পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করতে চান।
এশিয়া কাপে পাকিস্তানের বড় দুশ্চিন্তা হলো ব্যাটিং। প্রথম ম্যাচে জয়টা এসেছে পুরোপুরি বোলারদের কল্যাণে। সে ম্যাচে হারিস ছাড়া কেউ রান পাননি। আর ভারতের বিপক্ষে তো ব্যাটিং লাইন পুরোপুরি ব্যর্থ। ৯ নম্বরে ব্যাটিং করতে নামা শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ইনিংসে একশ পার করে তারা।
আজ আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ে ব্যাটারদের জ্বলে উঠতে হবে। নইলে সুপার ফোরের আগেই বিদায় ঘণ্টা বাজবে তাদের।
আমিরাতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড অবশ্য বেশ ভালো। দুই দল এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে এবং সবকটি জিতেছে পাকিস্তান; তিনটি ওয়ানডে ও তিনটি টি২০। এর মধ্যে এশিয়া কাপ শুরুর আগে শারজাহতে ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টে দুবার স্বাগতিকদের হারায় পাকিস্তান।
তবে হারলেও লড়াইয়ের ঝাঁজ ছিল আমিরাতের পারফরম্যান্সে। আজ সে ধার দেখা গেলে অঘটন হতেও পারে। এমনিতেই পচা শামুকে পা কাটার ইতিহাস আছে পাকিস্তানের। ২০২৪ টি২০ বিশ্বকাপে দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে সে দুশ্চিন্তা তো থাকছেই!
বার্তা বাজার/এস এইচ






