ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অল্প পুঁজিতেও বাজিমাত, সুপার ফোরে পাকিস্তান

Authorনিউজ রুম

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ এএম

অল্প পুঁজিতেও বাজিমাত, সুপার ফোরে পাকিস্তান

পাকিস্তানকে ১৪৬ রানে আটকে দিয়ে স্বপ্নে বিভোর ছিল সংযুক্ত আরব আমিরাত। কী সেই স্বপ্ন? পাকিস্তানকে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়া। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্নপূরণ হয়নি স্বাগতিকদের। পাকিস্তানের কাছে ৪১ রানে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো দলটিকে। আর বাঁচামরার ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের জোরে সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান।

ব্যাট হাতে গতি না হলেও বোলাররা পাকিস্তানকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন। আমিরাত ইনিংসের শুরুতেই ওপেনার আলিশান শারাফুকে (১২) ফিরিয়ে শুরুটা করেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এরপর আবরার আহমেদ-সাইম আইয়ুবরা আমিরাতের ব্যাটারদের চেপে ধরেন। তাদের ঘূর্ণিজাদুর সামনে অসহায় রূপ ফুটে ওঠে স্বাগতিকদের।

আবরার আহমেদের বলে দারুণ এক ক্যাচ নিয়ে আমিরাতি অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের (১৪) বিদায় নিশ্চিত করেন মোহাম্মদ নওয়াজ। তিনে নামা মোহাম্মদ জোহাইবের স্টাম্প গুঁড়িয়ে দেন সাইম। ৩৭ রানে তিন উইকেট হারানোর পর জুটি গড়ে সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আমিরাতের চার ও পাঁচ নম্বর ব্যাটার রাহুল চোপড়া ও ধ্রুব পারাশার। চতুর্থ উইকেটে ৫১ বলে ৪৮ রান যোগ করেন তারা দুজন।

তবে তাদের এই প্রচেষ্টায় স্বস্তির চেয়ে বরং রানরেটের চাপ-ই বেড়েছে। দলীয় ৮৫ রানে ধ্রুবকে খুশদিল শাহর ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন হারিস রউফ। ২৩ বলে ১ চারে ২০ রানে সাঙ্গ হয় তার ইনিংস। আর দলীয় সর্বোচ্চ ৩৫ রান করে আগা সালমানের বলে ক্যাচ হয়ে সাজঘরের পথ ধরেন রাহুল। আমিরাতের শেষ ছয় ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। তাতে শেষ পর্যন্ত বড় হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাদের।

শাহিন, হারিস এবং আবরার সমান দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। আমিরাতি বোলারদের দাপটে নিজেদের মেলে ধরতে পারেননি পাকিস্তানের বেশিরভাগ ব্যাটার। অনেকটা যেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৩৬ বলে ২ চার ও ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫০ রান করেন অভিজ্ঞ ফখর জামান।

আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পেসার জুনায়েদ সিদ্দিক। ৩ উইকেট যায় বাঁহাতি স্পিনার সিমরানজিত সিংয়ের ঝুলিতে।

গ্রুপ এ থেকে টানা দুই জয়ে আগেই সুপার ফোর নিশ্চিত করে ভারত। ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের সুপার ফোর মিশন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন