ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জিম্মি এক ইসরায়েলির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডস।
হামাস জানায়, তেলআবিবের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গের কারণে নির্ধারিত সময় অনুযায়ী মরদেহ হস্তান্তর সম্ভব হয়নি। বিবৃতিতে কাসসাম ব্রিগেডস সতর্ক করে বলেছে, ইসরায়েলের যেকোনো ধরনের নতুন আগ্রাসন বা সামরিক তৎপরতা মরদেহ উদ্ধারের অভিযানকে বাধাগ্রস্ত করবে এবং এতে নিহতদের দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হবে।
চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় স্থানীয় সময় রাত ৮টা (১৮০০ জিএমটি)-তে ইসরায়েলি এক জিম্মির মরদেহ হস্তান্তরের কথা ছিল। অক্টোবরের ১০ তারিখ থেকে কার্যকর হওয়া এ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে সীমিত পর্যায়ের মানবিক সমঝোতা কার্যকর রয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। হামাসের দাবি, এসব লঙ্ঘন শুধু শান্তিচেষ্টা ব্যাহত করছে না, বরং মানবিক সহায়তার পথেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিলম্ব দুই পক্ষের মধ্যকার উত্তেজনা আরও বাড়াতে পারে এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে।
বার্তা বাজার/এস এইচ






