ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর: কায়সার কামাল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পিএম

বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর: কায়সার কামাল

বিচার বিভাগ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্ট রেজিম যে ভাষায় কথা বলতো, সেই সুর প্রতিধ্বনিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘‘একটা দেশের তিনটা অঙ্গ থাকে। তার মধ্যে জুডিশিয়ারি (বিচার বিভাগ) অন্যতম। জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে— এই বক্তব্যটা তিনি প্রকাশ্যে না দিলেও পারতেন। কিছু কিছু বিষয় থাকে, যেগুলো প্রিভিলেজড কমিউনিকেশন (বিশেষ সুবিধা সম্বলিত যোগাযোগ)। আইন উপদেষ্টার যদি কোনও অভিযোগ থাকে, সেটা তিনি যথাযথ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে পৌঁছাতে পারতেন। তিনি সেটা না করে প্রকাশ করেছেন। আমার কাছে মনে হচ্ছে, এ সব পদক্ষেপ নেওয়ার পেছনে দুরভিসন্ধিমূলক কোনও ঘটনা আছে। যে জুডিশিয়ারি ন্যায় বিচার করছে, সেই জুডিশিয়ারিকে নিয়ে তীর্যক মন্তব্য করাটা সমীচীন হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা আইনজীবী হিসেবে মনে করি, পরবর্তীকালে আসিফ নজরুল বা অন্য কোনও উপদেষ্টা জুডিশিয়ারি নিয়ে প্রকাশ্যে কথা বলার আগে প্রিভিলেজড কমিউনিকেশন হিসেবে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে, তারপর যদি প্রয়োজন পড়ে, সেটা প্রকাশ্যে করতে পারেন। দেখুন, আমাদের এই জুডিশিয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য চেষ্টা চালাচ্ছেন। আসিফ নজরুল সাহেবের এই কথায় আমরা কেন যেন শঙ্কিত— আসলে নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে স্বাধীন করতে চায় কিনা।’’

কায়সার কামাল বলেন, ‘‘আসিফ নজরুল সাহেবের বক্তব্যে প্রতিধ্বনিত হচ্ছে— ফ্যাসিস্ট রেজিম ইতোপূর্বে হাইকোর্ট সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে এই কথা বলতো, সেই সুর। যা অত্যন্ত দুঃখজনক। আইন উপদেষ্টা হিসেবে ওনার খুবই একটা গুরুত্বপূর্ণ অবস্থান। এই অবস্থান থেকে প্রকাশ্যে বিচার বিভাগ নিয়ে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি ভবিষ্যতে আরেকটু সতর্ক হয়ে কথা বলবেন— আইনজীবীরা সেটা অনুরোধ করছেন।’’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন