ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত প্রার্থীর ইশতেহারে তরুণ ও নগর সেবায় জোর

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

জামায়াত প্রার্থীর ইশতেহারে তরুণ ও নগর সেবায় জোর

চট্টগ্রাম-১০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার উন্মোচন করেন।

ইশতেহারে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারের প্রথম দফায় তরুণদের জন্য পরিকল্পনা দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের কথা তুলে ধরা হয়। দ্বিতীয় ও তৃতীয় দফায় নাগরিক সেবা সংস্কার, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও আধুনিক সহায়তা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে পৃথক কর্মপরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে চতুর্থ দফায়। স্বাস্থ্যসেবাকে ‘সবার অধিকার’ হিসেবে উল্লেখ করে পঞ্চম দফায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

ইশতেহারে আধুনিক বাজার ব্যবস্থাপনা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরা হয়। পাশাপাশি নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা জোরদার এবং মাদকবিরোধী আন্দোলন জোরদারের কথা বলা হয়েছে।

নগর জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আধুনিক ময়লা ও বর্জ্য ব্যবস্থাপনা, বস্তিবাসীদের জন্য মানবিক নগর পরিকল্পনা, পাহাড় ও টিলা সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্র ও উপকূল সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারের অন্যান্য দফায় ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স, নারী ও শিশুদের জন্য নিরাপদ ক্রীড়া ও সামাজিক পরিবেশ, স্মার্ট ট্রাফিক ব্যবস্থা ও যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরা হয়।

এ ছাড়া, একে খান মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব স্থাপন, পাহাড়তলী রেলওয়ে কলোনি ও বিহারী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত, ওয়াসার পানি সংকট ও লবণাক্ততা সমস্যার সমাধান, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ উন্নয়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম-১০ এলাকায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের ‘স্বপ্নের’ কথাও তুলে ধরেন জামায়াত প্রার্থী। পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও বিকেন্দ্রীকরণ এবং সামগ্রিক নগর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ ১১ দলের নেতাকর্মী, পেশাজীবী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন