বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বংশালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৭ আসনের ৩৩ নম্বর ওয়ার্ডে মাজেদ সরদার বিপণিবিতানের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ছাত্রদল কখনো ছাত্রলীগ হবে না, যুবদল যুবলীগ হবে না বলেও মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক।
আবদুস সালাম বলেন, ‘বিএনপি সবসময় জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে। জনগণের জন্য যারা কাজ করেন, সিটি করপোরেশন সবসময় তাদের পাশে থাকবে।’
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দীর্ঘদিনের ধ্বংস ও অব্যবস্থাপনা কয়েক মাসে পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার গরিব মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও কাজ চলছে।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি, অন্যায় বা জনগণের ওপর জুলুম করা যাবে না। দলের নেতাকর্মীদের দায়িত্ব নেওয়া ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কিন্তু জনগণের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। বিএনপি আওয়ামী লীগ হবে না, ছাত্রদল ছাত্রলীগ হবে না, যুবদল যুবলীগ হবে না।’
তিনি আরও বলেন, ‘মেয়র বা প্রশাসক আসবেন-যাবেন, প্রধানমন্ত্রীও আসবেন-যাবেন; কিন্তু এলাকার মানুষ ও জনগণ স্থায়ী। তাই সিটি করপোরেশনের নির্মিত স্থাপনা ও উন্নয়নকাজ রক্ষার দায়িত্বও জনগণের। জনগণের সহযোগিতা পেলে আগামী কয়েক বছরের মধ্যে ঢাকাকে আরও পরিষ্কার, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’





