শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মো. মাসুদ নামের একজনকে আটক করে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এঘটনা ঘটে।
এই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ ভোটকেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এসময় ব্যালট বই সহ মাসুদকে আটক করা হয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরে মাসুদকে তিন বছরের কারাদণ্ড দেন। এঘটনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে স্বাভাবিক ভোটগ্রহণ কার্যক্রম চালু করা হয়।






