ধর্মীয় ব্যবসা করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যায় না বলে মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের যৌথ আয়োজনে মির্জাপুর পৌর সদরের লাভু মৃধা কনভেনশন হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
বলেন, আপনারা নির্বাচনের মধ্যে দেখেছেন একটি দল জান্নাতের টিকেট দিবে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। চিন্তা করুন কত বড় ধোঁকাবাজি এটা। জান্নাতের মালিক একমাত্র মহান আল্লাহ। আল্লাহ যখন ধরবে তখন আর রেহাই নেই। আল্লাহ যার মালিক এই ক্ষমতা যদি অন্য কেউ নিতে চায় আল্লাহ তাকে কঠোরভাবে ধরবেন বলে উল্লেখ করেন। তারা যে ব্যবসা শুরু করেছেন আল্লাহর কাছে তারা ইতোমধ্যে ধরা পড়ে গেছেন।
দেশের বর্তমান তেল ও গ্যাস সংকট ইস্যুতে তিনি বলেন, আজকে শত শত গাড়ি নিয়ে লংমার্চ কর্মসূচি করছে বিরোধী দল, অথচ তারাই গ্যাস-তেল, বিদ্যুৎ নিয়ে গুজব রটাচ্ছে। তিনি বলেন এই তেল-গ্যাস কোথা থেকে আসলো, তারা কি কারণে এসব কর্মকাণ্ড করছে, বর্তমান সরকার অল্প কয়েক মাস যাবৎ ক্ষমতায় বসেছে, আর এখনই আন্দোলন, যে লংমার্চ এগুলো ষড়যন্ত্রের একটি অংশ। তারা চায়না দেশ সামনের দিকে এগিয়ে যাক, এজন্য তিনি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের সভাপতিত্বে ও সদস্য শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। এসময় টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম-আহ্বায়ক শহিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক তাজ উদ্দিন সিকদারসহ টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও মির্জাপুর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।






